-মনিরুল ইসলাম শাহীন
সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সমাজের অসংগতি, দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরাই একজন প্রকৃত সাংবাদিকদের কাজ। সত্য প্রকাশ করা, মানুষের অধিকার তুলে ধরা এবং রাস্ট্র ও সমাজের কাছে জবাবদিহি নিশ্চিত করাই সাংবাদিকতা র মূল উদ্দেশ্য। এখানে প্রয়োজনে সাদাকে সাদা কালোকে কালো বলার সাহস, অন্যায়ের বিরুদ্ধে দাড়াঁনোর দৃঢ়তা এবং নিরপেক্ষ থাকার মানসিকতা।
প্রকৃত সাংবাদিক কখনো ব্যক্তিস্বার্থে সংবাদ পরিবেশন করেন না।কারও সম্মানহানি, ভয়ভীতি প্রদর্শন কিংবা সুযোগ সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে সাংবাদিকতা পরিচয় ব্যবহার করেন না।বরং নিজের স্বার্থ বিসর্জন দিয়ে হলেও পক্ষে দাড়াঁন।
কিন্তু দুঃখজনক হলেও সত্য বর্তমানে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করার প্রবণতা অনেকের মধ্যে দেখা যায়। সাংবাদিকতা এখন অনেকের কাছে পেশা নয়,ভাইরাল হওয়ার সহজ মাধ্যম। সাংবাদিকতা যেন রাতারাতি পরিচিতি, প্রভাব ও সামাজিক প্রতিপত্তি অর্জনের সহজ সিঁড়ি।
সাংবাদিকতা কি এতটাই সহজ? হাতে একটি মোবাইল ফোন, গলায় একটি পরিচয় পত্র, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পেজ খুলে দু’চারটি পোস্ট ব্যাস—হয়ে গেলেন সাংবাদিক! সাংবাদিকতা জ্ঞান, দায়িত্ববোধ, সততা, সাহস ও পেশাগত নৈতিকতার সমন্বয়।
বর্তমানে যারা সাংবাদিকতা করেন তাদের অনেকেরই নেই নূন্যতম প্রাতিষ্ঠানিক শিক্ষা, নেই লেখালেখির অভ্যাস,নেই সংবাদ সংগ্রহের দক্ষতা, নেই সত্য-মিথ্যা যাচাই করার নন্যূতম যোগ্যতা।এরা যতগুলো লাইন লেখে বানান ভুলের সংখ্যা তার চেয়ে বেশি। কপি-পেস্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেই এক একজন সাংবাদিক।
মনে রাখতে হবে সাংবাদিক হওয়া যায় না শুধু পরিচয় পত্র গলায় ঝুলিয়ে কিংবা মোবাইল ফোনে দু’একটা লাইভ সম্প্রচার করে। সাংবাদিক হতে হলে প্রয়োজন সাংবাদিকতা শিক্ষা, শুদ্ধ উচ্চারণ ও বানান লেখার যোগ্যতা অর্জন। সমাজে এখন এক অদ্ভুত প্রবণতা লক্ষ করা যায় যার নেই বিশেষ যোগ্যতা,নেই বস্তুনিষ্ঠতা কিংবা সত্য অনুসন্ধানের মানসিকতা,নেই জ্ঞান চর্চার অভ্যাস,নেই নীতি-নৈতিকতার বালাই এরাই হতে চায় সাংবাদিক! এদের দক্ষতা ও যোগ্যতা দিয়ে অন্য কোনো পেশা অর্জন করতে না পেরে অর্থ উপার্জনের সহজ পথ সাংবাদিক হতে চান।নানা কৌশলে একটি পত্রিকার পরিচয় পত্র সংগ্রহ করে দৌড় শুরু করেন ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সরকারি -বেসরকারি অফিসে। মফস্বল শহরে পাঠকের চেয়ে সাংবাদিকের সংখ্যা বেশি।
অবশ্যই সাংবাদিকতা সকলের জন্য উম্মুক্ত। সাংবাদিক হতে হলে নিজেকে তৈরি করতে হয়,জানতে হয়,সত্যের পক্ষে দায়বদ্ধ থাকতে হয়।কিন্তু সাংবাদিকতার নামে অপেশাদারিত্ব, ব্যক্তিস্বার্থ,চাঁদাবাজি কিংবা ভয়ভীতি প্রদর্শনের সুযোগ নেই।
একসময় জেলা -উপজেলা পর্যায়ে যারা সাংবাদিকতা করতেন তাদের অনেকেরই ছিলো নিজস্ব পেশাগত পরিচয়। কেউ ছিলেন শিক্ষক, কেউ আইনজীবী, কেউ চিকিৎসক, আবার কেউ ছিলেন ব্যবসায়ী।তাঁরা জীবিকার জন্য সাংবাদিকতার ওপর নির্ভরশীল ছিলেন না।সমাজের প্রতি দায়বদ্ধতা, সত্য অনুসন্ধানের আকাঙ্খা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার তাগিদ থেকেই অনেকেই শখের বশে সাংবাদিকতা করতেন। সাংবাদিকতায় তখন ছিলো আদর্শ এখন কারও কারও কাছে স্বার্থের হাতিয়ার।
কিন্তু সময়ের পরিবর্তনে সাংবাদিকতার চিত্রও বদলে গেছে। বিশেষ করে মফস্বল সাংবাদিকতায় লক্ষ করা যায় উপজেলা তো দূরের কথা জেলা পর্যায়ে হাতেগোনা কয়েকটি সংবাদ মাধ্যম তাদের প্রতিনিধিদের বেতন-সম্মানী প্রদান করেন। অনেক সাংবাদিকের নেই বেতন,যাতায়াত ভাতা,নেই সংবাদ সংগ্রহের প্রাতিষ্ঠানিক খরচ।অথচ কারও কারও জীবনযাত্রায় রয়েছে আভিজাত্যের ছাপ।দামী পোশাক, আধুনিক মোবাইল ফোন, মোটরসাইকেল সব কিছুতেই যেন চোঁখধাঁধানো বিত্তবৈভবের জৌলুশ। যে পেশায় বেতনের নিশ্চয়তা নেই, সেই পেশার পরিচয় ব্যবহার করে কারও কারও জীবনযাত্রার এত পরিবর্তন আসে কিভাবে? সাংবাদপত্রে যদি নিয়মিত বেতন-ভাতা না আসে তাদের আর্থিক স্বচ্ছলতার ভিত্তি কী?দুর্নীতির অনুসন্ধান করা সাংবাদিকদের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনের আগে নিজের পেশাগত সততা ও নৈতিকতার প্রতিও সচেতন থাকা জরুরি।
আজ সময় এসেছে সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষার। যারা প্রকৃত অর্থে সাংবাদিক তাদের সম্মান ও স্বীকৃতি নিশ্চিত করতে হবে। একই সাথে সাংবাদিকতার নাম ব্যবহার করে যারা ব্যক্তিস্বার্থ হাসিল করতে চান,তাদের ব্যাপারে সমাজকে সচেতন হতে হবে। ##