মোরেলগঞ্জ বার্তা ডেস্ক :
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে দুই ঘণ্টার যাত্রাবিরতি শেষে অন্য একটি ফ্লাইটে আন্তালিয়ায় পৌঁছান তিনি।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: দৈনিক যুগান্তর