মনিরুল ইসলাম শাহীন:
ভারতীয় রসায়নশাস্ত্রের পথিকৃৎ, বিজ্ঞানী ও সমাজহিতৈষী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের মায়ের নামানুসারে প্রতিষ্ঠিত রাড়ুলী ভুবনমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি বাংলাদেশের প্রাচীনতম নারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম। স্থানীয়ভাবে প্রচলিত তথ্য অনুযায়ী, এটি বাংলাদেশের প্রথম এবং উপমহাদেশের দ্বিতীয় নারী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে ১৮৫০ সালে স্থানীয় জমিদার হরিশ্চন্দ্র রায় তাঁর সহধর্মিণী ভুবনমোহিনী দেবীর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মেরও প্রায় ১১ বছর আগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি নারী শিক্ষার ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।
তৎকালীন সমাজে মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। এমন প্রতিকূল সামাজিক বাস্তবতায় নিজের স্ত্রীকে বিদ্যালয়ে ভর্তি করানোর মধ্য দিয়ে হরিশ্চন্দ্র রায় নারী শিক্ষার প্রসারে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মের প্রায় তিন দশক আগেই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। কথিত আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাড়ুলীতে বেড়াতে এসে হরিশ্চন্দ্র রায়কে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উৎসাহিত করেছিলেন।
আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ১৮৬১ সালের ২ আগস্ট জন্মগ্রহণ করেন। তাঁর জন্মের আগে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
বর্তমানে বিদ্যালয়টিতে আড়াই শতাধিক ছাত্রী অধ্যয়নরত। তবে দীর্ঘ ইতিহাস ও গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। সময়ের সঙ্গে শিক্ষার পরিসর বাড়লেও বিদ্যালয়টির আধুনিকায়ন ও উন্নয়নে আরও উদ্যোগ প্রয়োজন।
নারী শিক্ষার প্রসারে ঐতিহাসিক অবদান, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের স্মৃতিবিজড়িত পরিচয় এবং গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার গুরুত্ব বিবেচনায় ১৭৬ বছরের পুরোনো এই শিক্ষাপ্রতিষ্ঠানটির জাতীয়করণ এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও প্রয়োজনীয় উদ্যোগ বিদ্যালয়টিকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি নারী শিক্ষার ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
–লেখক: প্রভাষক, মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ