শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

Reporter Name / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মোরেলগঞ্জ বার্তা ডেস্ক

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় অপর তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্তের নির্দেশ

রায়ে সাজাপ্রাপ্ত চার আসামির স্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রির অর্থ জুলাই ফাউন্ডেশন অথবা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আসামিদের বিরুদ্ধে তিন অভিযোগ

প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের মধ্যে রয়েছে—২০২৪ সালের ১৫, ১৭ ও ৩০ জুলাই আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে উপস্থিত থেকে তাঁর বক্তব্যকে সমর্থন এবং ২৯ জুলাই জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় আন্দোলনকারীদের হত্যা ও নির্যাতনে নির্দেশনা, উসকানি ও প্ররোচনা দেওয়ার অভিযোগে হানিফের সম্পৃক্ততা।

দ্বিতীয় অভিযোগে বলা হয়, হানিফের নির্দেশে ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সদর উদ্দিন খান, আসগর আলী ও আতাউর রহমানসহ অন্য নেতারা সভা করেন। সেখানে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে আন্দোলন দমনে সর্বোচ্চ বলপ্রয়োগের নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তৃতীয় অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে চার আসামির নির্দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর গুলি চালান। এতে আশরাফুল ইসলাম, সুরুজ আলী, আবদুল্লাহ আল মুস্তাকিন, মো. উসামা, বাবুল ফরাজী ও ইউসুফ শেখ নিহত হন বলে মামলার অভিযোগে বলা হয়েছে।

যেভাবে এগিয়েছে বিচার

প্রসিকিউশন ২০২৫ সালের ৬ অক্টোবর এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। উভয় পক্ষের শুনানি শেষে ২ নভেম্বর অভিযোগ গঠন করা হয়। ৮ ডিসেম্বর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

গত ২৩ এপ্রিল ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এরপর উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন।

রায়ে দণ্ডিত হানিফসহ চার আসামিই পলাতক রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বাসস

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category