শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

তারেক রহমান–তাকাইচি বৈঠক: বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন সূর্যোদয়ের প্রত্যাশা

Reporter Name / ৬৮ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা জোরদারে ঐকমত্য

মোরেলগঞ্জ বার্তা ডেস্ক:

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি। জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি, যোগাযোগ অবকাঠামো, প্রতিরক্ষা এবং আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত হন তাঁরা।

বৈঠকে আগামী পাঁচ বছরে বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বা ৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের প্রত্যাশা তুলে ধরা হয়। এসব বিনিয়োগের মাধ্যমে দেশে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েনের জরুরি ঋণ সহায়তার বিষয়ে ঐকমত্য হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ-জাপান সম্পর্কের ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রেখে এ বৈঠক দুই দেশের সম্পর্কে নতুন সূর্যোদয়ের সূচনা করবে। গভীর আস্থা, বিস্তৃত অর্থনৈতিক সহযোগিতা, শক্তিশালী বিনিয়োগ সম্পর্ক এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে এ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’তে এ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয়। বৈঠক শেষে দুই নেতা মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে প্রকাশিত ১৪ দফার যৌথ বিবৃতিতে আলোচনার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

বিনিয়োগ ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা

বৈঠকে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা অর্থনীতিতে পরিণত হতে পারে। ২০৩৪ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এ লক্ষ্য অর্জনে জাপান সরকার ও দেশটির বেসরকারি খাতকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে সম্ভাব্য বিনিয়োগ বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত একটি জাপানি প্রতিনিধিদল বাংলাদেশে পাঠানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স ও ইলেকট্রনিকস গবেষণায় সহযোগিতার জন্য ‘বাংলাদেশ-জাপান টেক পার্ক’ প্রতিষ্ঠার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। মহাকাশবিজ্ঞান ও স্যাটেলাইট প্রযুক্তিতেও জাপানের সহযোগিতা চান তিনি।

যোগাযোগব্যবস্থার উন্নয়নে দেশের ছয়টি বিভাগীয় শহরকে যুক্ত করে দ্রুতগতির রেল নেটওয়ার্ক এবং দেশব্যাপী উড়াল সড়ক নির্মাণের পরিকল্পনায় জাপানের অর্থায়ন ও কারিগরি সহায়তা চাওয়া হয়। একই সঙ্গে এলএনজি অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

‘বিগ-বি’ উদ্যোগে নতুন কৌশলগত রূপরেখা

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা ‘বিগ-বি’কে নতুন কৌশলগত রূপরেখায় এগিয়ে নেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন দুই প্রধানমন্ত্রী। ‘শেয়ারিং প্রসপারিটি বিগ-বি’ উদ্যোগের আওতায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে মাতারবাড়ী-মহেশখালী অঞ্চলকে লজিস্টিকস, জ্বালানি ও শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

 

এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নেওয়া, ঢাকার মেট্রোরেল প্রকল্পগুলোর নির্মাণ ত্বরান্বিত করা এবং মাতারবাড়ী বন্দরের পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করার বিষয়ে দুই দেশ একমত হয়।

অগ্রাধিকারভিত্তিক খাতগুলোতে সহযোগিতা ও প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে মন্ত্রী পর্যায়ের একটি যৌথ কমিশন গঠনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

তিন সমঝোতা স্মারক সই

বৈঠককে কেন্দ্র করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ-সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে তিনটি পৃথক সমঝোতা স্মারক সই হয়।

তথ্যপ্রযুক্তি খাতে ডিজিটাল রূপান্তর, দক্ষ আইসিটি পেশাজীবী তৈরি এবং নিরাপদ ডিজিটাল সংযোগ প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার ঘোষণাও দেওয়া হয়। পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরবিষয়ক চুক্তি সই হয়।

বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নত করা এবং শুল্কায়ন, রেমিট্যান্স ও লাইসেন্সিং প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গণতান্ত্রিক রূপান্তরের প্রশংসা তাকাইচির

বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, গণতন্ত্র ও আইনের শাসনের অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জাতি গঠনের প্রচেষ্টায় জাপান পূর্ণ সমর্থন দেবে।

বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল এবং প্রায় ১৭ কোটি মানুষের সম্ভাবনাময় বাজার হিসেবে উল্লেখ করেন তাকাইচি। মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনে বাংলাদেশকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবেও আখ্যা দেন তিনি।

যৌথ সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, বাংলাদেশ ও জাপানের অংশীদারত্ব কয়েক দশকের বন্ধুত্ব ও আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। এখন এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সময় এসেছে। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাপান সফর এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই

বৈঠকে মিয়ানমারের চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গাদের জন্য জাপানের ধারাবাহিক মানবিক সহায়তার প্রশংসা করে তিনি বলেন, এ সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, সম্মানজনক ও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তায় সহযোগিতা

প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরবিষয়ক চুক্তি সইকে স্বাগত জানান দুই প্রধানমন্ত্রী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে জাপানের প্রধানমন্ত্রী সমুদ্র ও বন্দর নিরাপত্তায় সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা জোরদারে জাপানের সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) কর্মসূচির আওতায় একটি বড় টহল জাহাজ এবং সরকারি নিরাপত্তা সহায়তা (ওএসএ) কর্মসূচির আওতায় পাঁচটি টহল বোট দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান দুই নেতা।

এ ছাড়া স্থানীয় সরকারের প্রশাসনিক ও আর্থিক সক্ষমতা বাড়াতে ‘উপজেলা গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর দ্বিতীয় পর্যায়ে জাপানের ইয়েন ঋণ সহায়তার প্রতিশ্রুতির বিষয়টিও আলোচনায় আসে।

ফিলিস্তিন সংকট ও আঞ্চলিক স্থিতিশীলতা

ফিলিস্তিনের গাজা পুনর্গঠন এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে ফিলিস্তিন সংকটের ন্যায্য ও স্থায়ী সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

একই সঙ্গে হরমুজ প্রণালি দ্রুত ও পুরোপুরি খুলে দেওয়া এবং লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন:

দ্বিপক্ষীয় বৈঠকের পর স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে অবস্থিত বিশ্বখ্যাত ‘নিটসু লজিস্টিকস হাব’ পরিদর্শন করেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সফরসঙ্গীরা।

জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ও চীন সফরের পর এটি তাঁর তৃতীয় বিদেশ সফর।

সূত্র: দৈনিক যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category