মোরেলগঞ্জ বার্তা ডেস্ক
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সব বাংলাদেশিকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে পারলে দেশে ও প্রবাসে থাকা সব নাগরিকই এর সুফল পাবেন।
জাপানের টোকিওতে নিউ ওতানি হোটেলে বুধবার সন্ধ্যায় জাপানপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষ জনশক্তি তৈরি এবং জাপানের শ্রমবাজারে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
স্কুলে বিদেশি ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার পাশাপাশি ইংরেজির সঙ্গে জাপানিসহ জার্মান ও ফরাসি ভাষা শেখার সুযোগ চালুর পরিকল্পনা রয়েছে। আগামী বছর থেকে স্কুলগুলোতে কয়েকটি বিদেশি ভাষা শেখানোর কার্যক্রম শুরুর প্রত্যাশা রয়েছে।
শিক্ষার্থীদের খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিচর্চার সুযোগ বাড়ানোর পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
উপজেলা হাসপাতালে শয্যা বাড়বে
স্বাস্থ্যসেবার মান উন্নত করার পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে উপজেলা হাসপাতালগুলোর শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫০টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা চালু এবং নারী ও শিশুদের বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান তিনি। প্রস্তাবিত নিয়োগে অন্তত ৮০ শতাংশ নারী রাখার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
জাপানের শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ
জাপানের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে কর্মীদের যথাযথ প্রশিক্ষণ, জাপানি ভাষায় দক্ষতা এবং দেশটির সংস্কৃতি সম্পর্কে ধারণা দিয়ে পাঠানোর ওপর গুরুত্ব দেন তারেক রহমান।
জাপানি ভাষায় দক্ষ প্রবাসীদের দেশে কাজে লাগানোর বিষয়ে তিনি বলেন, আগ্রহী ব্যক্তিরা শিক্ষা মন্ত্রণালয় অথবা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে সম্ভাব্য উদ্যোগের পথ খুঁজে দেখা যেতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনশক্তির দক্ষতা বাড়াতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রবাসে থাকলেও প্রত্যেক বাংলাদেশির দেশের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ রয়েছে।জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার সভাপতিত্বে সভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস