মোরেলগঞ্জ বার্তা ডেস্ক :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা অন্যায়-অবিচার, একনায়কতন্ত্র ও স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনা। যারা জনগণের প্রত্যাশা ও অধিকার উপেক্ষা করবেন, ইতিহাস তাদের ক্ষমা করবে না।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, বিরোধী মত দমন, সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ, দুর্নীতি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে জনগণের অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র বিলুপ্ত করা হয়। এসব দুঃশাসন ও অধিকার হরণের বিরুদ্ধে মানুষের ক্ষোভ থেকেই ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের সৃষ্টি হয়।
তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহিরা সংগঠিত হয়ে জিয়াউর রহমানকে মুক্ত করেন এবং সাধারণ মানুষ তাদের প্রতি সংহতি প্রকাশ করে। এ কারণেই দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিতি পেয়েছে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসে যার যেখানে অবদান রয়েছে, তাকে যথাযথ স্বীকৃতি দিতে হবে। কোনো ব্যক্তি বা দল স্বাধীনতার ইতিহাসের একক দাবিদার হতে পারে না।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, জনগণের গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। দলীয়করণ, দুর্নীতি ও কর্তৃত্ববাদী শাসনের দিকে ফিরে যাওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, বিরোধী দল হিসেবে ন্যায়সংগত বিষয়ে সরকারকে সহযোগিতা করা হবে, অন্যায় হলে প্রতিবাদ ও প্রতিরোধ করা হবে। সাত দফা দাবি কোনো দলের একক দাবি নয়, এগুলো জনগণের দাবি। জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সংস্কার বাস্তবায়ন জরুরি।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ আন্দোলনকে অস্বীকার করার সুযোগ নেই। আন্দোলনে শহীদদের পরিবার, আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়, এটি একটি মানসিকতা। যে কেউ ক্ষমতায় গিয়ে এ মানসিকতায় আক্রান্ত হতে পারে।
সরকারকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি বা সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। আধিপত্যবাদ, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ৭ নভেম্বরকে শুধু সামরিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এর পেছনে ছিল একদলীয় শাসন ও জনগণের অধিকার হরণের বিরুদ্ধে জনমনের ক্ষোভ। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সম্মান করতে হবে।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র ও সমাজব্যবস্থার মৌলিক পরিবর্তন। চাঁদাবাজি, দুর্নীতি, দলীয়করণ ও জনদুর্ভোগ বন্ধ করে ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।