শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

Reporter Name / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জ বার্তা ডেস্ক :

দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে জড়িত ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ ঐক্যবদ্ধভাবে উচিত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। কিন্তু একটি মহল সেই উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত করতে এবং শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিকসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মতোই জনগণ ষড়যন্ত্রকারীদের জবাব দেবে। মিল-কারখানা দেশের সম্পদ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠান ধ্বংস হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা।

শ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি বলেন, দাবিগুলো বিবেচনায় নিয়ে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড কাজ শুরু করেছে এবং আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে।

বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু এবং নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খুলনা, বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পকারখানা গড়ে তুলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার।

এর আগে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত এবং খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

সূত্র: বাসস

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category