শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

মোরেলগঞ্জ মডেল একাডেমিতে ভর্তি ফরম সংগ্রহে অভিভাবকদের ভিড়

Reporter Name / ৪০ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার:

বাগেরহাটের মোরেলগঞ্জে শিশুদের মানসম্মত শিক্ষা ও মেধা বিকাশের লক্ষ্যে পরিচালিত মোরেলগঞ্জ মডেল একাডেমির ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি ফরম সংগ্রহের প্রথম দিনেই বিদ্যালয়টিতে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় মোরেলগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আনুষ্ঠানিকভাবে ভর্তি ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার মো. নাহিদ মাহমুদ, সভাপতি আবু সালেহ মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম বাবুল, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, সাবেক কাউন্সিলর আজিজুর রহমান মিলন, প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

সকাল থেকেই পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড এবং প্রত্যন্ত এলাকা থেকে অভিভাবকরা সন্তানদের নিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে আসেন।

একাডেমি সূত্রে জানা গেছে, ২০২৪ সালে উপজেলার স্টিল ব্রিজসংলগ্ন অস্থায়ী ভবনে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্লে থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। মাত্র ১২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। শিক্ষক রয়েছেন ৩৬ জন, যাঁদের মধ্যে ২৯ জন নারী।

প্রতিষ্ঠানটিতে প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষা, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, কম্পিউটার প্রশিক্ষণ, সহশিক্ষা কার্যক্রম ও আরবি ভাষার মৌলিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিশুদের মানসিক বিকাশ, আগ্রহ ও সক্ষমতা বিবেচনায় নিয়ে পাঠদান করায় অভিভাবকদের মধ্যে প্রতিষ্ঠানটির প্রতি আগ্রহ বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানান।

ভর্তি ফরম সংগ্রহ করতে আসা কয়েকজন অভিভাবক বলেন, শিশুদের মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও দক্ষতা বিকাশে মোরেলগঞ্জ মডেল একাডেমির শিক্ষা কার্যক্রম তাঁদের কাছে ইতিবাচক মনে হয়েছে। এ কারণে তাঁরা সন্তানদের এখানে ভর্তি করাতে আগ্রহী।

একাডেমির শিক্ষিকা আইরিন আক্তার বলেন, অভিভাবকদের সঙ্গে সুসম্পর্ক ও আস্থার জায়গা তৈরি করে শিশুদের মনোযোগ, আগ্রহ ও ইচ্ছাকে গুরুত্ব দিয়ে পাঠদান করা হয়। শিশুদের মানসিকতা বুঝে শিক্ষা দেওয়াই এ প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য।

একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার মো. নাহিদ মাহমুদ বলেন, মফস্বল এলাকায় সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও সবার সহযোগিতায় একটি মানসম্মত শিক্ষাঙ্গন গড়ে তোলার চেষ্টা চলছে। বেসরকারি প্রতিষ্ঠান হলেও নিম্নবিত্ত ও দরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৪২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১১ জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। দেশব্যাপী মেধাতালিকায় এ প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী দ্বিতীয় স্থান অধিকার করেছে। চলতি বছর ১১১ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category