শরণখোলা থেকে নইন আবু না ঈম তালুকদার:
বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদীর তীরবর্তী জিলবুনিয়া এলাকার চরে অজ্ঞাতপরিচয় এক শিশুর মরদেহ পাওয়া গেছে। শিশুটির বয়স আনুমানিক দেড় থেকে দুই বছর বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নদীর চরে ভাসমান কাঠ কুড়াতে গিয়ে এক ব্যক্তি মরদেহটি দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। জোয়ারের পানিতে মরদেহটি ভেসে এসে নদীর চরে আটকে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়দের কেউ কেউ।
শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটির মরদেহ উদ্ধারের জন্য নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে।