শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

খুলনায় অপরাধের বিস্তার, পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জ বার্তা ডেস্ক :

খুলনায় খুন, চাঁদাবাজি, অস্ত্রবাজি, দখল বাণিজ্য ও মাদক কারবারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটছে একের পর এক সহিংস ঘটনা। রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রত্যাশা থাকলেও অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি নেই। বরং বিভিন্ন এলাকায় নতুন নতুন অপরাধী চক্রের উত্থান ঘটছে। এ পরিস্থিতিতে অপরাধ দমনে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

অপরাধের বিস্তার রোধে পুলিশের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। একের পর এক হত্যাকাণ্ড, গুলিবর্ষণ ও চাঁদাবাজির ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে অপরাধীরা দ্রুত গ্রেফতার হচ্ছে না। কোনো কোনো ঘটনায় মামলা হলেও তদন্তে দীর্ঘসূত্রতার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, অপরাধীদের নিয়ন্ত্রণে পুলিশের কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। পাশাপাশি নগরীতে পুলিশি টহলও আগের তুলনায় কমেছে।

সম্প্রতি চাঁদার দাবিতে একটি হাসপাতালে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সন্ত্রাসী নুর আজিম বাহিনীর সদস্যরা এ হামলা চালায়। হাসপাতালের মালিকের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নুর আজিম তাকে বলেন, ‘পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই। থানাভিত্তিক আমরা টাকা দিয়ে থাকি। যে কারণে তারা আমাদের এক পাশ দিয়ে ধরে, আমরা অন্য পাশ দিয়ে বের হয়ে আসি।’ এ বক্তব্যের সত্যতা অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়।

ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজির ঘটনায় বড় অপরাধীরা গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

রেস্টুরেন্ট মালিক মাসুদ হোসেন বলেন, ঘটনার পর পুলিশ দেরিতে ঘটনাস্থলে আসে। হামলাকারীরা ভাঙচুর করে চলে যাওয়ার পর পুলিশ তাকে সাবধানে চলাফেরা করতে এবং একা বাইরে না যাওয়ার পরামর্শ দেয়। তার ভাষ্য, পুলিশের কাছ থেকে এমন পরামর্শ পেয়ে তিনি আরও আতঙ্কিত হয়ে পড়েন।

জাহিদ ইলেকট্রনিক্সের মালিক জাহিদ হোসেন বলেন, বিষয়টি পুলিশকে জানানোর পর আপাতত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নগরীর চয়নিকা ফার্মেসির ম্যানেজার বাবু বলেন, পুলিশ তাদের প্রত্যাশিত সহযোগিতা করতে পারেনি। এ কারণে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে হয়েছে।

সম্প্রতি সদর থানা এলাকায় চাঁদাবাজির একাধিক ঘটনায় ওসি লোকমান হোসেনের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীদের কেউ কেউ। তাদের অভিযোগ, থানাটির মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালনের ক্ষেত্রে অভিজ্ঞতার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এ ছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর ইসলামের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, সন্ত্রাসী হামলার ঘটনায় পরিস্থিতি মোকাবিলায় অনেক সময় তাকে ঘটনাস্থলে পাওয়া যায় না। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

এদিকে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলছে পুলিশ প্রশাসন।

কেএমপি কমিশনার মো. সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ সাধ্যমতো চেষ্টা করছে। রাষ্ট্রের সব অঙ্গ একযোগে কাজ না করলে অপরাধ দমন সম্ভব নয়। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভুক্তভোগীরাও অনেক সময় তথ্য ও অভিযোগ দিতে অনীহা প্রকাশ করেন। এতে অপরাধীরা পার পেয়ে যায়।

নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। অপরাধীদের যথাযথভাবে আইনের আওতায় আনা হচ্ছে না। মামলার ক্ষেত্রেও এমন ফাঁকফোকর রাখা হচ্ছে, যাতে আসামিরা সহজেই ছাড়া পেয়ে যায়। তিনি জানান, পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা এখন অপরাধীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে নিচ্ছেন, সাধারণ মানুষও বাইরে বের হতে ভয় পাচ্ছেন। এ অবস্থা থেকে শহরকে মুক্ত করতে না পারলে খুলনা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।

সূত্র: দৈনিক যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category