মাসুদ রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ সিকদারহাট মন্দিরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা খির প্রসাদ (৮০) পরলোকগমন করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁকে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানাতে স্বজন, সহযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর বাড়িতে ভিড় করেন।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এই বীর সন্তানকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেনের উপস্থিতিতে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী। তাঁর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিউগলের সুরে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় ভূল্লী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মরহুমের সহযোদ্ধা ধীরেন্দ্রনাথ কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘খির প্রসাদের মতো একজন বীরকে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। ১৯৭১ সালে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যে যুদ্ধ করেছিলাম, সেই স্মৃতি আজীবন অম্লান থাকবে।’
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রাষ্ট্রীয় সম্মাননা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়।