শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া আহত হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

মেহেদী হাসান লিপন :

সুন্দরবনে শিকারির পাতা ফাঁদে আটকে পড়া একটি আহত চিত্রা হরিণ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে হরিণটিকে সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার রাত  দশটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুরে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, সুন্দরবনের ওই এলাকায় হরিণ শিকারের উদ্দেশ্যে শিকারিরা ফাঁদ পেতে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার একটি দল অভিযান চালায়। এ সময় শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর বেলা ৩টার দিকে নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় হরিণটিকে নিরাপদে অবমুক্ত করা হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ শিকার প্রতিরোধ এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category