জুলফিকার আলী, কলারোয় (সাতক্ষীরা ) প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার মীরডাঙা-দলুইপুর গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ নিরসনে এগিয়ে এসেছেন প্রবাসীরা। তাঁদের সম্মিলিত অর্থায়নে রাস্তা নির্মাণের জন্য ২৭ শতক জমি কেনা হয়েছে। এতে দীর্ঘদিনের স্বপ্ন পূরণের নতুন আশায় বুক বাঁধছেন এলাকাবাসী।
রোববার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে রাস্তা নির্মাণের এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দেয়াড়া-যুগিখালি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষের যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রাস্তার অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে মীরডাঙা-দলুইপুর গ্রামের মানুষের দৈনন্দিন চলাচল, কৃষিপণ্য পরিবহনসহ বিভিন্ন কাজে ভোগান্তি ছিল নিত্যদিনের। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়ে যেত।
এ অবস্থায় এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এগিয়ে আসেন গ্রামের প্রবাসীরা। তাঁরা নিজেদের কষ্টার্জিত অর্থ একত্র করে রাস্তা নির্মাণের জন্য নগদ টাকায় ২৭ শতক জমি ক্রয় করেন। তাঁদের এ উদ্যোগে রাস্তা নির্মাণের প্রাথমিক বাধা দূর হয়েছে।
জমি ক্রয়ের উদ্যোগ গ্রহণকারী প্রবাসীদের মধ্যে রয়েছেন আনারুল ইসলাম, আব্দুল জলিল, রাশিদুল ইসলাম, ফারুক হোসেন, আলতাব হোসেনসহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, সুলতান সরদার, আব্দুল সাত্তার গাজী, হাশেম, আরশাদ আলী, মিজানুর রহমান ও শিক্ষক মাহবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চলাচলের উপযোগী রাস্তা না থাকায় এলাকার মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে। প্রবাসীদের সম্মিলিত উদ্যোগে এখন সেই সমস্যার সমাধানের পথ তৈরি হয়েছে। তাঁদের এ সহযোগিতা এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
এলাকাবাসীর মতে, প্রবাসীদের এ উদ্যোগ শুধু জমি কেনার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি জন্মভূমির প্রতি ভালোবাসা, সামাজিক দায়বদ্ধতা ও এলাকার উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণের উজ্জ্বল দৃষ্টান্ত।
তাঁদের প্রত্যাশা, দ্রুত রাস্তা নির্মাণকাজ সম্পন্ন হলে মীরডাঙা-দলুইপুরসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনেও ইতিবাচক পরিবর্তন আসবে।