শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সুন্দরবনে সুন্দরী গাছের সুদিন ফিরছে ৪০ বছরে কার্বন ধারণ বেড়েছে ২১ শতাংশ, কমেছে আগামরা রোগের প্রকোপ

Reporter Name / ৪২ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা থেকে:

বিশ্বের বৃহত্তম একক ম্যানগ্রোভ বন সুন্দরবনে সুন্দরী গাছের সুদিন ফিরতে শুরু করেছে। দীর্ঘদিনের পরিবেশগত সমস্যা ‘টপডাইং’ বা আগামরা রোগের প্রকোপ আগের তুলনায় কমেছে। পাশাপাশি গত চার দশকে সুন্দরবনে সুন্দরী গাছের কার্বন ধারণের পরিমাণ বেড়েছে প্রায় ২১ শতাংশ। বেড়েছে সুন্দরী গাছের সংখ্যাও। নতুন করে বনের বিভিন্ন স্থানে জন্ম নিচ্ছে সুন্দরী গাছের চারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুন্দরী গাছের আগামরা রোগের বিষয়টি প্রথম ১৯২১ সালে ব্রিটিশ বন বিশেষজ্ঞ আর. এস. ট্রুপের পর্যবেক্ষণে উঠে আসে। পরবর্তী সময়ে বিশেষ করে ১৯৭০-এর দশকের পর রোগটির প্রকোপ বাড়তে থাকে। ১৯৭৫ সালে ফারাক্কা ব্যারাজ চালুর পর সুন্দরবন অঞ্চলে মিঠাপানির প্রবাহ কমে যাওয়া এবং মাটির লবণাক্ততা বৃদ্ধিকে এ রোগের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, ছত্রাক ও মাটির বৈশিষ্ট্যগত পরিবর্তনকেও সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন গবেষকরা। তবে রোগটির সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনো গবেষণা চলছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ও সুন্দরবন বিশেষজ্ঞ ড. স্বপন কুমার সরকার ‘শরণখোলা দর্পণ’-কে জানান, গত ৪০ বছরে সুন্দরবনে সুন্দরী গাছের কার্বন ধারণের পরিমাণ প্রায় ১৪ লাখ টন বা ২১ শতাংশ বেড়েছে। একই সময়ে রোগাক্রান্ত সুন্দরী গাছের সংখ্যা ৬ শতাংশ কমেছে এবং বনে সুন্দরী গাছের সংখ্যা বেড়েছে প্রায় ১ কোটি ৫০ লাখ।

তিনি বলেন, আগামরা রোগ নিয়ন্ত্রণে শুধু আক্রান্ত গাছ শনাক্ত করলেই হবে না। রোগের প্রকৃত কারণ অনুসন্ধান, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ এবং সুন্দরী গাছের প্রাকৃতিক পুনর্জন্ম নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ জানান, বন অধিদপ্তরের ‘সুন্দরবন সুরক্ষা’ প্রকল্পের আওতায় পরিচালিত গবেষণায় সুন্দরী গাছের কার্বন ধারণের পরিমাণ বৃদ্ধির তথ্য পাওয়া গেছে। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণাভিত্তিক বন ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সামান্য কিছু এলাকা ছাড়া বনের সার্বিক পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। বিভিন্ন স্থানে নতুন করে সুন্দরী গাছের চারা জন্ম নিচ্ছে।

অন্যদিকে, সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হাছানুর রহমান জানান, বনের বিভিন্ন স্থানে সুন্দরী গাছের বীজ ও চারা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এসব চারা ভবিষ্যতে বনে নতুন সুন্দরী গাছের বাগান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গবেষকদের মতে, সুন্দরী গাছ সুন্দরবনের অন্যতম প্রধান বৃক্ষ। এ গাছের সুস্থতা ও স্বাভাবিক বংশবিস্তার নিশ্চিত করা গেলে সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কার্বন ধারণের সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category