বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর: বাংলাদেশের উন্নয়নে জাপানের জোরালো সমর্থনের আশ্বাস

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মোরেলগঞ্জ বার্তা ডেস্ক:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতি অঙ্গীকারের প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় উন্নয়ন কার্যক্রমে জাপানের জোরালো সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরের দ্বিতীয় দিনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সানায়ে তাকাইচি বলেন, গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে তাঁকে অভিনন্দন জানাতে পেরে তিনি আনন্দিত।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত বাংলাদেশ সরকারের রাষ্ট্র গঠন ও জাতীয় উন্নয়নমূলক উদ্যোগগুলোকে জাপান দৃঢ়ভাবে সমর্থন করবে।

তিনি বলেন, অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশ জাপানের গুরুত্বপূর্ণ অংশীদার। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্তকারী বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থানও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে।

বৈঠকে দুই নেতা ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ (বিগ-বি) উদ্যোগ এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ উদ্যোগকে ‘শেয়ারিং প্রসপারিটি বিগ-বি’ নামে নতুন কৌশলগত সহযোগিতা কাঠামোয় উন্নীত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক যোগাযোগ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সানায়ে তাকাইচি বাংলাদেশের বিশাল ও তরুণ জনগোষ্ঠীর অর্থনৈতিক সম্ভাবনার কথাও তুলে ধরেন। প্রায় ১৭ কোটি মানুষের এই দেশ জাপানের অর্থনীতির জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে উল্লেখ করেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাপানের স্বীকৃতি এবং দীর্ঘদিনের সহযোগিতার কথা স্মরণ করেন। বাংলাদেশের বিভিন্ন খাতে জাপানের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জাপানকে বাংলাদেশের জনগণের বিশেষ অংশীদার হিসেবে অভিহিত করেন।

দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন উভয় নেতা। শীর্ষ বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিকে ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সহযোগিতার দিকনির্দেশনা হিসেবেও উল্লেখ করেন জাপানের প্রধানমন্ত্রী।

সানায়ে তাকাইচি বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান।

দুই দেশের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারের অঙ্গীকারের মধ্য দিয়ে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা তৈরি হয়েছে।

সূত্র: বাসস

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category