মাসুদ রানা,ঠাকুরগাঁও প্রতিনিধি :
“করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে কুমারপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। এতে স্থানীয় সমবায়ী, ব্যবসায়ী, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম, ভূল্লী থানার সেকেন্ড অফিসার আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোতাহার হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ এবং কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী।
এ ছাড়া ভূল্লী প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পি, সাধারণ সম্পাদক সুজন আলীসহ সাংবাদিক, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন ও গ্রামীণ সামাজিক উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গঠনে সমবায়ের বিকল্প নেই।
তারা আরও বলেন, সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে সমিতিগুলোকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে। সমবায়ের মূল লক্ষ্য বাস্তবায়নে সব ধরনের অনিয়ম রোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সমবায়ের সুফল পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।