শরণখোলা থেকে, নইন আবু নাঈম তালুকদার :
ছয় বছর আগে লিভার সিরোসিস ও ক্যানসারে ছোট ছেলেকে হারিয়েছিলেন বাবা নাসির উদ্দিন মীর। সেই শোক কাটিয়ে ওঠার আগেই এবার একই রোগে আক্রান্ত হয়েছেন তাঁর বড় ছেলে মিজানুর রহমান মীর (৩৮)। ছেলেকে বাঁচাতে জরুরি ভিত্তিতে লিভার প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এ জন্য প্রয়োজন প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা। কিন্তু আর্থিক সংকটে থমকে আছে তাঁর চিকিৎসা।
বর্তমানে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), যা পিজি হাসপাতাল নামে পরিচিত, সেখানে চিকিৎসাধীন রয়েছেন মিজানুর রহমান। তাঁর চিকিৎসা নিয়ে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার।
ছয় বছর আগে ছোট ছেলেকে হারান বাবা
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৯ জানুয়ারি লিভার সিরোসিস ও ক্যানসারে আক্রান্ত ছোট ছেলে হাসান মীরকে হারান নাসির উদ্দিন। ছোট ছেলের চিকিৎসায় পরিবারের সব সঞ্চয় শেষ হয়ে যায়। সেই শোক কাটিয়ে ওঠার আগেই এবার বড় ছেলের একই রোগে আক্রান্ত হওয়ার খবরে পরিবারটির ওপর নেমে এসেছে আরেক দফা দুর্যোগ।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মিজানুর রহমানের জীবন বাঁচাতে দ্রুত লিভার প্রতিস্থাপন প্রয়োজন। এতে আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকা ব্যয় হতে পারে।
চাকরি হারিয়ে বন্ধ আয়ের পথ
অসুস্থ হওয়ার আগে মিজানুর রহমান র্যাংগস ফার্মাসিউটিক্যালসে চাকরি করতেন। তাঁর উপার্জনেই স্ত্রী মারিয়া আক্তার ও দুই শিশুকন্যা আবিদা (৮) এবং আতকিয়া (২) নিয়ে চলত সংসার। কিন্তু অসুস্থতার কারণে চাকরি হারানোর পর বন্ধ হয়ে গেছে পরিবারের একমাত্র আয়ের উৎস।
ইতোমধ্যে কয়েক মাসের চিকিৎসায় ধারদেনা করে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। একদিকে ব্যয়বহুল চিকিৎসা, অন্যদিকে স্ত্রী ও দুই শিশুকন্যার ভবিষ্যৎ—সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁদের।
মানবিক সহায়তার আবেদন
বাবার সুস্থ হয়ে ঘরে ফেরার অপেক্ষায় রয়েছে আট বছর বয়সী আবিদাসহ পরিবারের সদস্যরা। অসহায় পরিবারটি মিজানুর রহমানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি, প্রবাসী ও মানবিক সংগঠনগুলোর কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে।
তাঁদের বিশ্বাস, সবার সম্মিলিত সহযোগিতায় হয়তো আবারও সুস্থ জীবনে ফিরতে পারবেন মিজানুর রহমান। সহায়তা পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকে নিচের ব্যাংক হিসাব ও বিকাশ নম্বর দেওয়া হয়েছে।
সহায়তা পাঠানোর ঠিকানা:
হিসাবের নাম: Md. Mizanur Rahman
ব্যাংক: Dutch-Bangla Bank Limited
শাখা: বাগেরহাট
হিসাব নম্বর: 2791580029295
বিকাশ: ০১৯৪৭৫২১৭৫২