মোরেলগঞ্জ বার্তা ডেস্ক:
খুলনা রেঞ্জের ছয় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ২৮ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে তাদের প্রত্যাহার করে সংশ্লিষ্ট জেলা পুলিশ লাইন ও রিজার্ভ রেঞ্জ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যদের মধ্যে বাবুর্চি থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার সদস্য রয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় ৯ জন, বাগেরহাটে ৯ জন, যশোরে ২ জন, ঝিনাইদহে ৩ জন, কুষ্টিয়ায় ৪ জন এবং চুয়াডাঙ্গায় ১ জন রয়েছেন।
জানা গেছে, পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্নীতি প্রতিরোধে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া এসব পুলিশ সদস্য সংশ্লিষ্ট এলাকায় কথিত ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ছিলেন। তাদের বিরুদ্ধে বেতনের বাইরে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম দৈনিক যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। প্রায় ২৮ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা বেতনের বাইরে অনৈতিক সুবিধা নিতেন এবং সংশ্লিষ্ট এলাকায় ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন। পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে আইজিপির নির্দেশনায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটি তারই অংশ। যাদের ক্লোজড করা হয়েছে, তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত শেষে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যদের তালিকায় বাগেরহাট জেলার ৯ জন হলেন—
সদর থানার আব্দুল্লাহ আল মামুন, মোল্লাহাট থানার পুলক বিশ্বাস, চিতলমারী থানার মো. জাহিদুর রহমান, ফকিরহাট থানার এএসআই অমিত কুমার মণ্ডল, রামপাল থানার স্বরূপ হালদার, মোরেলগঞ্জ থানার এএসআই কিশোর কুমার, শরণখোলা থানার এএসআই তুষার কান্তি পাল, ডিএসবির মোহাম্মদ আহাদ আলী এবং জেলা গোয়েন্দা শাখার আনিসুর রহমান।
সূত্র: দৈনিক যুগান্তর।